ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াতের আমিরকে যা আশ্বাস দিলেন তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১১:৫২:২৩
জামায়াতের আমিরকে যা আশ্বাস দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান। দুজনের সাক্ষাতের পর ফেসবুকে পোস্টে জামায়াত আমির বলেন, “তারেক রহমানের এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।”

তিনি আরও যোগ করেন, “আমি তার আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা করি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনা করবে।”

তারেক রহমান বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম, ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। তিনি আশ্বাস দিয়েছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।জামায়াত আমির এই আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।”

শফিকুর রহমান বলেন, “জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহি প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকব। আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন; বাধা দেওয়া নয়, বরং পর্যবেক্ষণ।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং রাষ্ট্রকে স্থিতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এছাড়া তারেক রহমান জামায়াত আমিরের কাছে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে