ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোটের মাঠে পুলিশ সদস্যদের২২ কাজে নিষেধাজ্ঞা

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৮:৩৩:৫২
ভোটের মাঠে পুলিশ সদস্যদের২২ কাজে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য ২২ দফা সংবলিত একটি জরুরি নির্দেশিকা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এই গাইডলাইনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখতে নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকার কড়া বার্তা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কোনো সদস্য শৃঙ্খলা পরিপন্থি বা অপেশাদার কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য প্রার্থী বা তাদের সমর্থকদের কাছ থেকে কোনো ধরনের খাবার, উপহার কিংবা বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন না। এছাড়া প্রার্থীদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা, ঘনিষ্ঠতা বা ছবি তোলার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার সুনির্দিষ্ট অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা কিংবা ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের স্বাভাবিক কাজে হস্তক্ষেপ করা যাবে না। কোনো অবস্থাতেই ভোটারদের পছন্দ-অপছন্দে প্রভাব খাটানো বা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা যাবে না।

পুলিশ সদস্যদের আচরণের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে বলা হয়েছে। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ প্রকাশ, কোনো প্রার্থীর কার্যালয়ে যাওয়া কিংবা নির্বাচনী মিছিলে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া গালিগালাজ, হুমকি বা ভোটারদের সঙ্গে অবমাননাকর আচরণ করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সংক্রান্ত কোনো বিতর্কিত পোস্ট, শেয়ার বা মন্তব্য করা এবং ডিউটি চলাকালীন অপ্রয়োজনে মোবাইল ফোনে মগ্ন থাকাও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

বিশেষ করে ভোটের দিন পেশাদারিত্ব বজায় রাখতে জনসমাগমস্থলে বা খোলা জায়গায় যত্রতত্র খাবার গ্রহণ, ফুটপাত বা টং দোকানে বসে আড্ডা দেওয়া এবং উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। এমনকি ডিউটি চলাকালে বাদাম, ভাপা পিঠা, চানাচুর বা জিলাপির মতো মুখরোচক খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে। স্পর্শকাতর ঘটনার ছবি বা ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে পাঠানো বা নির্বাচনের ফলাফল নিয়ে আগাম কোনো মন্তব্য করা যাবে না। এক কথায়, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে পুলিশ সদস্যদের শতভাগ অপেশাদার কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সদর দপ্তর।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে