ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১২ ফেব্রুয়ারির নির্বাচনই ক্ষমতা উদ্ধারের সুযোগ: তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৯:৩৪:৪৬
১২ ফেব্রুয়ারির নির্বাচনই ক্ষমতা উদ্ধারের সুযোগ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের হারানো রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি সুবর্ণ সুযোগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন। দেশবাসীর রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করেছে বলেও তিনি এসময় জানান।

তারেক রহমান তাঁর ভাষণে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর প্রাথমিক ধাপে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষদের সুরক্ষা দিতে প্রতি মাসে কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে।

নারীর ক্ষমতায়ন নিয়ে বিশেষ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশের চার কোটি পরিবারের নারী প্রধানদের নামেই এই ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তারেক রহমানের মতে, অর্ধেকের বেশি জনশক্তি তথা নারীদের রাষ্ট্র ও অর্থনীতির মূল ধারার বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই উদ্যোগের মাধ্যমে নারীদের সামাজিক ও পারিবারিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

শিক্ষিত বেকারদের জন্য আশার বাণী শুনিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, শিক্ষিত তরুণ-তরুণীদের চাকরি না হওয়া পর্যন্ত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা দেওয়া হবে। এই বেকার ভাতা একজন শিক্ষিত যুবককে স্বাবলম্বী হতে অথবা উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে বড় ধরনের সহায়তা করবে। মূলত কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষমতা তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যাংক, বিমা ও শেয়ারবাজারসহ আর্থিক খাতের আমূল সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান জানান, শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে ও বিদেশে পর্যায়ক্রমে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএনপি। এজন্য বিশেষ কর্মকৌশল ও কারিগরি শিক্ষার মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে