ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পে-স্কেল নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৮:৪৩:৫৪
পে-স্কেল নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “পে-স্কেলের জন্য অর্থের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরবর্তী সরকার চাইলে বাস্তবায়ন করবে, কিন্তু সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই। হয়তো প্রশাসনিক ও প্রক্রিয়াগত কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।”

বর্তমান সরকারের অর্থনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক পরিস্থিতি রেখে যাচ্ছে। “চব্বিশের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি নড়বড়ে অবস্থায় ছিল। দেড় বছরের চেষ্টায় সেটি অনেকটাই স্থিতিশীল করা সম্ভব হয়েছে,” বলেন তিনি।

গণভোট ও নির্বাচন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, গণভোট আয়োজনের জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্দ রেখেছে। তবে এই বরাদ্দ কোনো নির্দিষ্ট পক্ষের পক্ষে নয়। তিনি বলেন, “গণভোটের জন্য বরাদ্দ রাখা হয়েছে, ‘হ্যাঁ’ ভোটের জন্য নয়। গণভোট যুক্ত হওয়ায় এবারের নির্বাচনে অন্যান্যবারের তুলনায় বরাদ্দ কিছুটা বেশি লাগছে।”

কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কিছুটা কমেছে। বিষয়টি আগামী দিনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানোর দিকে গুরুত্ব দিয়েছে, যার সুফল ভবিষ্যতে দৃশ্যমান হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে