×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত

২০২৬ নভেম্বর ১৪ ১৮:৩৯:৪৩
শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে খাতভিত্তিক লেনদেন ও রিটার্নে বড় ধরনের বৈপরীত্য দেখা গেছে। সিরামিক, তথ্যপ্রযুক্তি ও টেক্সটাইল খাতে ইতিবাচক প্রবণতা থাকলেও ব্যাংক, সাধারণ বিমা, খাদ্য ও মিউচুয়াল ফান্ড খাতে ছিল দরপতনের চাপ। বিশেষ করে সিরামিক খাতের রিটার্ন ৬ দশমিক ৬৪ শতাংশে পৌঁছেছে, যা সব খাতের মধ্যে সর্বোচ্চ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সিরামিক খাতে গড় দৈনিক লেনদেনের মূল্য আগের সপ্তাহের তুলনায় ২১২ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খাতটির গড় দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে ১৮১ দশমিক ৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে এই খাতের পাঁচটি কোম্পানির মধ্যে তিনটির শেয়ারদর বেড়েছে এবং দুটির কমেছে।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি খাত। এই খাতের সাপ্তাহিক রিটার্ন ছিল ৪ দশমিক ০৩ শতাংশ। টেক্সটাইল খাতে রিটার্ন হয়েছে ৩ দশমিক ৩৮ শতাংশ। এ ছাড়া করপোরেট বন্ড, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এবং ট্রাভেল অ্যান্ড লিজার খাতেও ইতিবাচক রিটার্ন দেখা গেছে।

অন্যদিকে, ব্যাংক খাতের রিটার্ন ছিল ঋণাত্মক শূন্য দশমিক ৭৩ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাতে ঋণাত্মক রিটার্ন হয়েছে ১ দশমিক ৪৭ শতাংশ এবং সাধারণ বিমা খাতে ১ দশমিক ৫১ শতাংশ। মিউচুয়াল ফান্ড খাতেও ঋণাত্মক শূন্য দশমিক ৬৮ শতাংশ রিটার্ন দেখা গেছে।

লেনদেনের পরিমাণের দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল টেক্সটাইল খাত। ডিএসইর মোট গড় দৈনিক লেনদেনের ২২ দশমিক ৪৭ শতাংশ এসেছে এ খাত থেকে। এই খাতে গড় দৈনিক লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৫৪ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত, যার অংশ ছিল ১১ দশমিক ৯২ শতাংশ। সাধারণ বিমা খাতের অংশ ছিল ১১ দশমিক ৭৬ শতাংশ।

অন্যদিকে, ব্যাংক খাতে গড় দৈনিক লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪ দশমিক ১৮ শতাংশ কমেছে। মিউচুয়াল ফান্ড খাতেও লেনদেনের মূল্য কমেছে ২৫ দশমিক ৭২ শতাংশ।

খাতভিত্তিক এই চিত্রে স্পষ্ট, বাজারের সামগ্রিক সূচক বাড়লেও সব খাত সমানভাবে লাভবান হয়নি। কিছু খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লেও ব্যাংক, সাধারণ বিমা ও মিউচুয়াল ফান্ডে চাপ অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক বাজারের পাশাপাশি খাতভিত্তিক প্রবণতাও বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে চলতি সপ্তাহে বাজারের এই চিত্রে পরিবর্তনও আসতে পারে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে