×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি

২০২৬ নভেম্বর ১২ ১১:৪১:৫৭
সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। তবে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে বেতন পুনর্নির্ধারিত হলেও আগে উত্তোলন করা বিনোদন ভাতার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ থাকবে না।

বুধবার (১১ নভেম্বর) অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও একই নিয়ম অনুসরণ করতে হবে।

তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করা হয়েছে। পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে বেতন পুনর্নির্ধারিত হলেও সেই বর্ধিত বেতন বিবেচনায় নিয়ে বিনোদন ভাতা হিসাব করা হবে না। বরং কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তাঁর বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ কোনো বকেয়া অর্থ পাবেন না। অর্থাৎ ভাতা উত্তোলনের পর নতুন বেতন কাঠামোর কারণে মূল বেতন বাড়লেও আগের বিনোদন ভাতার সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ হবে না।

অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে