×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য

২০২৬ অক্টোবর ৩০ ১৬:২১:০১
তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: তাহসিফ সাউরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার রাতে বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। তবে রাত আড়াইটার দিকে দীপ একাই বাসায় ফেরেন বলে জানিয়েছেন বাসার দারোয়ান। এ সময় দীপের আচরণও কিছুটা অস্বাভাবিক মনে হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

দারোয়ানের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে দীপের সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরে রাত আড়াইটার দিকে দীপ একাই ফিরে আসেন। তখন তার সঙ্গে তাহসিফ ছিলেন না।

দারোয়ান আরও দাবি করেন, বাসায় ফেরার পর দীপ চোখাচোখি করে কথা বলছিলেন না এবং মিটিমিটি হাসছিলেন। তার এমন আচরণ দারোয়ানের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল। দারোয়ানের এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পিবিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দীপকে হেফাজতে নেওয়ার পর তাকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার সময় তারা একটি স্থানে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান।

তবে দীপের এই বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। তদন্তকারী সংস্থা তার দেওয়া তথ্য যাচাই করছে। তাহসিফের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া যায়। সেটি তাহসিফের কি না, তা যাচাই করছে পিবিআই।

পিবিআই প্রধান মোস্তফা কামাল জানিয়েছেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করতে চান না তিনি।অন্যদিকে, পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, এ ঘটনায় নৌ পুলিশও তদন্তে পিবিআইকে সহায়তা করছে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় এসেছিলেন তাহসিফ সাউরী। তার মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা কী, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা জানতে তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে