×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঘুষের টাকা হাতে, সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৯:২৮:২২
ঘুষের টাকা হাতে, সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়া সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সাঈদ এমরান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আসামি করা হয়েছে।

এদিকে ঘুষ গ্রহণের ঘটনায় নিজেদের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকারম হোসেন।

এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালায় দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ ট্র্যাপ টিম। এ সময় দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে জমা দেন। দলিল দুটিতে নিয়ম অনুযায়ী কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর নিবন্ধন প্রক্রিয়া আটকে দেন সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান। এরপর প্রায় এক মাস ধরে ওই আইনজীবীকে বিভিন্নভাবে ঘোরানো হয়।

একপর্যায়ে দলিল দুটি দ্রুত নিবন্ধন করে দেওয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘুষ দিতে অনিচ্ছুক হলেও কাজটি সম্পন্ন করার জন্য শেষ পর্যন্ত ভুক্তভোগী আইনজীবী প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬-এ যোগাযোগ করেন। পরে তিনি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগও করেন।

অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক। এর অংশ হিসেবে সংস্থাটির বিশেষ ট্র্যাপ টিম পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালায়। অভিযানের সময় ঘুষের দুই লাখ টাকা গ্রহণের ঘটনায় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। একই সঙ্গে ঘুষ গ্রহণের ঘটনায় হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে