ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা

২০২৬ আগস্ট ২১ ১৮:১৮:০৬
স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক: স্বল্প সুদের সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্সের সুবিধা পাওয়া গেলে দেশের আরও ১ হাজার ৩০০ তৈরি পোশাক কারখানা রুফটপ সোলারে বিনিয়োগে যেতে প্রস্তুত। আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব উৎপাদনের শর্ত পূরণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলায় পোশাক খাতে এই রূপান্তর এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও বাংলাদেশ-চীন নবায়নযোগ্য শক্তি ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব তথ্য উঠে আসে। ‘পোশাক খাতের শিল্প কারখানার ছাদে সৌরবিদ্যুৎ: চীনা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট আবরার আহমেদ ভূঁইয়া এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট নুর ইয়ানা জান্নাত।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে রুফটপ সোলারের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। এর মাধ্যমে জাতীয় জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমানোর পাশাপাশি ডিকার্বনাইজেশনের লক্ষ্য অর্জনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব।

তিনি জানান, বর্তমানে প্রায় ৫০০টি পোশাক কারখানা নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদের হার কমিয়ে সাড়ে ৬ শতাংশে আনা এবং ঋণের শর্ত সহজ করা গেলে আরও ১ হাজার ৩০০ কারখানাকে এই কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে। পাশাপাশি ৪০০টির বেশি ঝুঁকিপূর্ণ ও ছোট কারখানার জন্য প্রয়োজন হবে সরকারি ও নীতিগত বিশেষ সহায়তা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উপগ্রহভিত্তিক ভৌগোলিক তথ্য ব্যবহার করে দেশের ৩ হাজার ৩২০টি পোশাক কারখানার ওপর গবেষণাটি পরিচালনা করা হয়। এতে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপনের উপযোগী কার্যকর ছাদের মোট আয়তন ৯৭ দশমিক ২৫ লাখ বর্গমিটার।

গবেষণার হিসাবে, এসব ছাদে সৌর প্যানেল স্থাপন করা গেলে প্রায় ১ হাজার ৭৬৮ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই উৎপাদন দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করতে পারে।

কারখানার আকার বিবেচনায় গবেষণায় দেখা যায়, ২ হাজার ৪২০টি ছোট কারখানার ছাদ থেকে ৪৮৪ দশমিক ৭ মেগাওয়াট, ৬৯৮টি মাঝারি কারখানা থেকে ৬৩৭ মেগাওয়াট এবং ২০১টি বড় কারখানা থেকে ৬৪৬ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে যেসব ২ হাজার ৩০৩টি পোশাক কারখানায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা নেই, সেগুলোতে রুফটপ সোলার স্থাপনে প্রয়োজন হবে ১৮৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক দিক থেকেও রুফটপ সোলার পোশাক কারখানাগুলোর জন্য লাভজনক হতে পারে। বর্তমানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় গড় খরচ প্রায় ৩ দশমিক ০৪ টাকা, যা জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ কেনার খরচের অর্ধেকেরও কম।

সোলার প্যানেল স্থাপন করা হলে একটি কারখানা তার বার্ষিক বিদ্যুৎ চাহিদার ৩৩ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নিজস্ব নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করতে পারবে। গাজীপুর ও নারায়ণগঞ্জের ৮৭৮টি কারখানার ওপর পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে এসব প্রতিষ্ঠানের মোট ব্যবহৃত বিদ্যুতের মাত্র ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসে। যথাযথ ব্যবস্থা নেওয়া হলে তা ১৪ শতাংশ পর্যন্ত উন্নীত করা সম্ভব।

রুফটপ সোলারের বাস্তব সুফলের উদাহরণ তুলে ধরে হা-মীম গ্রুপের পাওয়ার অ্যান্ড এনার্জি বিভাগের প্রধান তনুল চক্রবর্তী জানান, তাদের বিভিন্ন কারখানায় ইতোমধ্যে ২৯ দশমিক ২ মেগাওয়াট রুফটপ সোলার স্থাপন করা হয়েছে। এর ফলে কালিয়াকৈর ও কালীগঞ্জের ইউনিটগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুরোপুরি সৌরবিদ্যুতে পরিচালিত হচ্ছে। এতে ডিজেলের ব্যবহার প্রায় ৬০ শতাংশ কমেছে।

তবে উচ্চ সুদের হারসহ বিভিন্ন কারণে রুফটপ সোলারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার ১০ দশমিক ৫ শতাংশের বেশি হওয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছে আগের মতো আকর্ষণীয় থাকছে না।

বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্য ব্যাংকঋণের কঠিন শর্ত ও জামানতসংক্রান্ত জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি স্রেডা থেকে সরঞ্জাম অনুমোদনে দীর্ঘসূত্রতা, ডলার সংকটের কারণে এলসি খুলতে বিলম্ব এবং উচ্চ শুল্কহারও সোলার সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্রেতাদের পক্ষ থেকে অগ্নিনিরাপত্তা ও উদ্ধার অভিযানের অজুহাতে কারখানার ছাদের ২০ শতাংশ জায়গা খালি রাখার শর্তও রুফটপ সোলার স্থাপনের ক্ষেত্রে একটি অযৌক্তিক বাধা হিসেবে কাজ করছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে