ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট

২০২৬ আগস্ট ১৮ ১২:৩৬:৩০
বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। এ জন্য আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে।

বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও বাছাই করতে দুবাইয়ের ওই কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ থেকে চালক নিয়োগের আগ্রহের কথা জানায়।

প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজার বাংলাদেশি।

বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী উল্লেখ করে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয় বলেও প্রতিনিধিদলটি জানিয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের—কমপক্ষে এসএসসি পাস হতে হবে; বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছর; প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; নির্ধারিত মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চাকরির মেয়াদ হবে দুই বছর, যা পরবর্তী সময়ে নবায়নযোগ্য। নির্বাচিত কর্মীরা কোম্পানির নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা এবং এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে।

কর্মীদের আবাসনের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠানটি। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর এ বাবদ নির্ধারিত অর্থ প্রতি মাসে কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া হবে।

অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।২৯ ও ৩০ আগস্টের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

সঙ্গে রাখতে হবে—মূল পাসপোর্ট; পাসপোর্টের রঙিন ফটোকপি; সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি; ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন ফটোকপি; জীবনবৃত্তান্ত (সিভি); শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি।

সংশ্লিষ্টরা বলছেন, সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই হওয়ায় আগ্রহী চালকদের নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পাশাপাশি নিয়োগের আর্থিক ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে