ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পাটকল বেসরকারিকরণে কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০২৬ আগস্ট ১১ ২০:৫৪:৪৪
পাটকল বেসরকারিকরণে কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি ও অর্থনীতিকে শক্তিশালী করতে বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সিরাজগঞ্জ ও খুলনার বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল দ্রুত পুনরায় চালুর লক্ষ্যেই বেসরকারি উদ্যোক্তাদের কাছে ইজারা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার করে বলেন, তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।

ইজারা দেওয়া তিনটি কারখানার মধ্যে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড রয়েছে। অপরটি খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড।

চুক্তি অনুযায়ী, জাতীয় জুট মিলস ও স্টার জুট মিলসের ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে প্লাটিনাম জুবিলী জুট মিলসের দায়িত্ব পেয়েছে হ্যামকো গ্রুপ।

এ বিষয়ে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি পাটকল পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে গেল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোক্তাদের যথাযথ সহযোগিতা করা গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং মানুষের জীবনে অর্থনৈতিক নিরাপত্তা বাড়বে। এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতেও।

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সরকারের অন্যতম লক্ষ্য। রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাও জরুরি। এ কারণে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে পারলেই একটি রাষ্ট্র শক্তিশালী হয়ে ওঠে। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের কথা বলার সুযোগ সীমিত করে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না।

সরকারের নীতি ও লক্ষ্য তুলে ধরে তারেক রহমান বলেন, এমন একটি দেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে প্রত্যেক মানুষ বর্তমান অবস্থার তুলনায় ভালো থাকবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ সৃষ্টি করাই সরকারের নীতির মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

সবার সহযোগিতায় সুন্দর ও শক্তিশালী দেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশে অবশ্যই বিদেশি বিনিয়োগ আসবে এবং সরকার তা চায়। তবে একই সঙ্গে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

তারেক রহমান বলেন, দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা প্রয়োজন, তা দেওয়া হবে। এতে দেশের বিনিয়োগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনটি পাটকল ইজারা নেওয়া প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা বক্তব্য দেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে