ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ডিএসইর প্যানেল অডিটর হতে আবেদন আহ্বান

২০২৬ আগস্ট ০৪ ১৬:৩৮:৪৯
ডিএসইর প্যানেল অডিটর হতে আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (টিআরইসি) ধারক প্রতিষ্ঠানগুলোর বিধিবদ্ধ আর্থিক নিরীক্ষা পরিচালনার জন্য নতুন প্যানেল অডিটর নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে যোগ্য নিরীক্ষা (অডিট) প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বা আগ্রহপত্র আহ্বান করেছে সংস্থাটি।

সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানগুলো টিআরইসি ধারক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিধিবদ্ধ নিরীক্ষার দায়িত্ব পালন করবে।

ডিএসইর নির্দেশনা অনুযায়ী, দেশে নিবন্ধিত কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে—এমন নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। তবে আবেদনকারীদের ডিএসইর প্যানেল অডিটর হিসেবে তালিকাভুক্তির নির্দেশিকায় উল্লেখিত সব শর্ত ও যোগ্যতা পূরণ করতে হবে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে তাদের আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি., ডিএসই টাওয়ার (তৃতীয় তলা), প্লট-৪৬, সড়ক-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯ ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব নিরীক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছে এবং যাদের বিরুদ্ধে ডিএসইর কোনো আপত্তি বা বিরূপ পর্যবেক্ষণ নেই, সেসব প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে ডিএসইর প্যানেল অডিটর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ডিএসই জানিয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলো আগামী ১৬ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে পারবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য শর্তাবলির বিস্তারিত তথ্য ডিএসইর প্যানেল অডিটর হিসেবে নিরীক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে