ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সীমিত পরিসরে ওঠানামা করছে বাজার, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা

২০২৬ আগস্ট ০৪ ১৫:০২:১৬
সীমিত পরিসরে ওঠানামা করছে বাজার, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ (০৪ আগস্ট) দেশের শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কিছুটা বাড়লেও বাকি দুই সূচক কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন হ্রাস পেয়েছে এবং দর কমেছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের।

বাজার-সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের প্রধান সূচক একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। একদিন সামান্য কমলেও পরদিন প্রায় একই পরিমাণ বেড়ে যাচ্ছে। কখনো সূচক ৫ হাজার ৯০০ পয়েন্ট অতিক্রম করছে, আবার কখনো তার নিচে নেমে আসছে। অর্থাৎ প্রায় ২০ পয়েন্টের সীমার মধ্যেই বাজারের ওঠানামা সীমাবদ্ধ রয়েছে। তাদের মতে, বিনিয়োগকারীদের সচেতন অবস্থানের কারণে বাজারে বড় ধরনের ধসের কোনো ঘটনা ঘটেনি এবং এমন আশঙ্কাও আপাতত নেই। তবে বর্তমান পরিস্থিতিতে বাজার তদারকি আরও জোরদার করা প্রয়োজন। বিশ্লেষকদের ভাষ্য, কিছুদিন আগে যে গতিতে সূচকের ঊর্ধ্বমুখী ধারা ছিল, তা অব্যাহত থাকলে এরই মধ্যে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারত। কিন্তু অদৃশ্য কোনো কারণে বাজার একই অবস্থানে স্থির রয়েছে। যদিও সামনের দিনগুলোতে এ অবস্থার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৪ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক শূন্য দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ দশমিক ৯৮ পয়েন্টে নেমেছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৪২ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ দশমিক ৭৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টির দর বেড়েছে, ১৭৬টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের দিক থেকে ডিএসইতে আজ মোট প্রায় ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২১০ কোটি ৫১ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৯৯ কোটি ২ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি ৬২ লাখ টাকা।

সিএসইতে আজ ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৬৩ দশমিক ৯২ পয়েন্টে উন্নীত হয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি ৩০ দশমিক ২০ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে