ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬

পোশাক আমদানিতে বড় জালিয়াতি, কাস্টমসের অভিযানে ফাঁস

২০২৬ আগস্ট ০৩ ১৮:২০:০৪
পোশাক আমদানিতে বড় জালিয়াতি, কাস্টমসের অভিযানে ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আমদানি ঘোষণাপত্রে উল্লেখিত পরিমাণের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি পোশাক দেশে এনে শুল্ক-কর ফাঁকি দেওয়ার একটি অপচেষ্টা উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ পোশাক জব্দ করা হয়েছে। সংস্থাটির হিসাবে, এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব আদায়যোগ্য রয়েছে।

রোববার (২ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর দপ্তরের একটি বিশেষ টিম আমদানিকারক প্রতিষ্ঠান এম/এস এস.বি. ট্রেডার্স-এর একটি আমদানি চালানে অভিযান পরিচালনা করে। খালাসের আগেই চালানটি আটকিয়ে কায়িক পরীক্ষা চালানো হলে ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের বড় ধরনের অমিল ধরা পড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই বিল অব এন্ট্রি নম্বর সি-৭৬৫৪৮৫-এর আওতায় চালানটি আমদানি করা হয়। আমদানিকারক ঘোষণাপত্রে মোট ২ হাজার ৬৯৯ পিস পোশাকের তথ্য দিলেও কায়িক পরীক্ষায় পাওয়া যায় ৪ হাজার ৩১৯ পিস। অর্থাৎ ঘোষণার তুলনায় অতিরিক্ত ১ হাজার ৬২০ পিস বা ৬০ দশমিক ২ শতাংশ বেশি পণ্য পাওয়া যায়।

তদন্তে বিভিন্ন ধরনের পোশাকের ঘোষণায়ও অসঙ্গতি ধরা পড়ে। ঘোষণায় ২৯ পিস সাধারণ লেহেঙ্গার কথা থাকলেও পাওয়া যায় ৪৮ পিস। ১৩ পিস গর্জিয়াস লেহেঙ্গার পরিবর্তে ৫০ পিস, ১১২ পিস প্রিমিয়াম শাড়ির পরিবর্তে ১২০ পিস, ১১২ পিস সুপার শাড়ির স্থলে ৮০৩ পিস এবং ১৭৯ পিস মিডিয়াম শাড়ির পরিবর্তে ৯০০ পিস পাওয়া যায়। এছাড়া ১২৮ পিস গার্লস ওয়্যার সেটের বদলে ১৪০ পিস, ১৮ পিস শেরওয়ানির পরিবর্তে ১২০ পিস এবং ৯৪ পিস টি-শার্টের পরিবর্তে ১২৪ পিস পাওয়া যায়।

এছাড়া ঘোষণায় ১৮৭ পিস গাউনের উল্লেখ থাকলেও বাস্তবে ১০০ পিস গাউন পাওয়া যায়। একই সঙ্গে অতিরিক্ত ৮৭ পিস সাধারণ লেহেঙ্গা উদ্ধার হয়, যা ঘোষণাপত্রের তথ্যের সঙ্গে স্পষ্টভাবে অসামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

সিআইআইডির দাবি, অভিযানের মাধ্যমে ৩১ লাখ ৭১ হাজার ১৬৯ টাকা শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। জরিমানাসহ মোট আদায়যোগ্য অর্থের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকায় পৌঁছাবে বলে সংস্থাটি জানিয়েছে।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত-সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন ইতোমধ্যে ঢাকা কাস্টম হাউসে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে