ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬

ইউনাইটেড পাওয়ারকে ঘিরে দুদকের তদন্তে নতুন তথ্য

২০২৬ আগস্ট ০৩ ১৬:১১:০৫
ইউনাইটেড পাওয়ারকে ঘিরে দুদকের তদন্তে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গ্যাস বিল বাবদ প্রায় ৯৮১ কোটি টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, কোম্পানিটি ক্যাপাসিটি রেটের পরিবর্তে বেআইনিভাবে আইপিপি রেটের সুবিধা গ্রহণের মাধ্যমে এ অনিয়ম করেছে।

দুদকের উপ-পরিচালক (বিসি অনুঃ ও তদন্ত-১) মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি আদালতে দাখিল করা অনুসন্ধান অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন। দুদক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চারটি অভিযোগ একসঙ্গে অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগগুলো হলো—জাল দলিল ব্যবহার করে সরকারি অর্পিত সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং গ্যাসের মূল্য নির্ধারণে অনিয়ম।

অনুসন্ধানের অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব নথিপত্র পর্যালোচনার পর দুদকের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ক্যাপাসিটি রেটের পরিবর্তে আইপিপি রেটের সুবিধা গ্রহণ করে তিতাস গ্যাসের জানুয়ারি ২০১৮ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত সময়ের ৪৮৬ কোটি ৪৩ লাখ ৮২ হাজার ৬১১ টাকা ৭৫ পয়সা এবং কর্ণফুলী গ্যাসের অক্টোবর ২০১৮ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের ৪৯৫ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৪০৪ টাকা পরিশোধ করেনি।

ফলে দুই গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের কাছে কোম্পানিটির মোট বকেয়া দাঁড়িয়েছে ৯৮১ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ১৫ টাকা ৭৫ পয়সা।

আদালতে দাখিল করা অনুসন্ধান অগ্রগতি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, উত্থাপিত অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদক সূত্র জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে