ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ

২০২৬ জুলাই ৩১ ১৬:২৩:৫৬
প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ

নিজস্ব প্রতিবেদক: বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে। পাশাপাশি পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে। অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি অনলাইন প্রতারণা (স্ক্যাম) ও ফিশিং থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রবাসীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাও উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—

সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা।

গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকা।

ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে কর্মরত দেশের আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট প্রচার না করা।

কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া।

যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া।

কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থাপনার ছবি বা ভিডিও ধারণ কিংবা প্রকাশ না করা।

পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা।

ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ ছড়াতে পারে—এমন পোস্ট বা বিতর্কে অংশ না নেওয়া।

ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট প্রতারণা থেকে দূরে থাকা।

কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা উৎসাহিত করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়া।

মন্ত্রণালয় বলেছে, এসব নির্দেশনা মেনে চললে প্রবাসী বাংলাদেশিরা কর্মরত দেশে নিরাপদ ও আইনসম্মতভাবে অবস্থান করতে পারবেন এবং অপ্রত্যাশিত আইনি জটিলতা এড়াতে সক্ষম হবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে