ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চীন-ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

২০২৬ জুলাই ২৯ ২০:০৯:৪২
চীন-ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো দেশের বিপরীতে আরেকটি দেশকে কেন্দ্র করে পরিচালিত হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা তো স্ত্রী ও সতিনের মধ্যে মারামারি নয়। এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক, যেখানে আমাদের স্বার্থ, আমরা সেখানে যাবো।”

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানেই অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়।

তিনি বলেন, কূটনীতিতে বাংলাদেশ অনুমান বা আবেগ দিয়ে নয়, বরং বাস্তবতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। চীনে বাংলাদেশের সাম্প্রতিক সফর অত্যন্ত সফল হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরও ইতিবাচক হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত কূটনৈতিক যোগাযোগ চলছে। তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং শিগগিরই মার্কিন দূতের সফরও রয়েছে। এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চলছে।

মার্কিন দূতের সফরকে কেন্দ্র করে কোনো ধরনের চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কোনো চাপ অনুভব করছি না।”

এদিন ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গেও কথা বলেন ড. খলিলুর রহমান। তিনি জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের বিদ্যমান বিভিন্ন ইস্যু নিয়ে ভবিষ্যতে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় পক্ষই আগ্রহী বলেও জানান তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে