ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাজধানীতে

একের পর এক বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন

২০২৬ জুলাই ২৯ ১০:৪৯:৪০
একের পর এক বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান তীব্র গ্যাস সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি ও শিল্পকারখানায়। গ্যাসের স্বল্পচাপের কারণে ঢাকায় একের পর এক সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা।

চালকদের অভিযোগ, গ্যাসের চাপ কম থাকার অজুহাতে একটি মহল দাম বাড়ানোর চেষ্টা করছে। তবে সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহ লাইনে গ্যাসের চাপ দিন দিন কমে যাওয়ায় অনেক স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

স্টেশনগুলোতে গিয়ে দেখা গেছে, অনেক গ্রাহক চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাননি। কোথাও স্টেশন বন্ধ, আবার কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন চালকরা।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেক স্টেশনে সেবা চালু করা সম্ভব হবে না।

এদিকে গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও রান্নার কাজে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় অনেক পরিবার বৈদ্যুতিক হিটার, ইনডাকশন চুলা বা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে, ফলে বাড়ছে অতিরিক্ত ব্যয়।

মিরপুরের বাসিন্দা তাসলিমা বলেন, সকালে চুলায় গ্যাস থাকে না, দুপুরেও একই অবস্থা। রাতে সামান্য গ্যাস এলে তখন রান্না করতে হয়। একটি তরকারি রান্না করতেও অনেক সময় লেগে যায়।

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকায় সব ধরনের গ্রাহক তীব্র গ্যাসের স্বল্পচাপের মুখে থাকবেন।

অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে আগুন লাগার কারণে এলএনজি খালাস ব্যাহত হয়েছে। ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সংকট আরও তীব্র হয়েছে।

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ মেরামতের কাজ চলছে। এটি চালু না হওয়া পর্যন্ত এলএনজি কার্গো খালাস সম্ভব হবে না। এর প্রভাবে শুধু বাসাবাড়িই নয়, গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র পরিচালনাতেও সমস্যা দেখা দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে