ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ

২০২৬ জুলাই ১৪ ১৮:২০:০৯
প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ইট নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, মহাসড়কে পড়ে থাকা একটি ইটের টুকরো সামনের গাড়ির চাকার চাপে ছিটকে পেছনের নিরাপত্তাবাহী গাড়ির সামনে গিয়ে পড়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায়।

ভাইরাল হওয়া প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বরিশালের দিকে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা নিরাপত্তারক্ষীদের একটি গাড়ির সামনে একটি ইটের টুকরো এসে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে ইট নিক্ষেপ বা পরিকল্পিত হামলা বলে দাবি করেন।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি নজরে আসার পর পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে দেখা গেছে, মহাসড়কে পড়ে থাকা একটি ইটের ছোট টুকরো দ্রুতগতিতে চলা একটি গাড়ির চাকার চাপের কারণে ছিটকে গিয়ে পেছনের গাড়ির সামনে পড়ে। এটি কোনো হামলা বা ইচ্ছাকৃত ইট নিক্ষেপের ঘটনা নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর এবং পুরো যাত্রাপথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ঘটনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে পুলিশ সদর দপ্তর থেকেও এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে