ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি

২০২৬ জুলাই ১৪ ১৮:১১:৪৫
প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: যোগ্য বিনিয়োগকারীদের (Qualified Investor) কাছে শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে রয়্যাল ফুটওয়্যার পিএলসি। প্রায় দুই বছর পর কোনো কোম্পানির কিউআইও (Qualified Investor Offer) প্রস্তাব অনুমোদন করল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এটি নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রথম কিউআইও অনুমোদন।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

বিএসইসি জানিয়েছে, শতভাগ রপ্তানিমুখী এই জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের খ্যাতনামা খুচরা বিক্রেতা রস (Ross)-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জুতা রপ্তানি করে।

কিউআইও থেকে সংগৃহীত অর্থ ব্যাংকঋণ পরিশোধ, কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ ক্রয় এবং ইস্যুসংক্রান্ত ব্যয় মেটাতে ব্যবহার করবে কোম্পানিটি।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২৭ টাকা ৫৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ১৫ টাকা ৭৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি অর্ধবার্ষিক আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।

এই কিউআইওতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া প্রতিষ্ঠানটি ইসি সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে আন্ডাররাইটারের দায়িত্বেও রয়েছে।

এদিকে, একই সভায় পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী খসড়াও অনুমোদন করেছে বিএসইসি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে