ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’

২০২৬ জুলাই ১৪ ১২:৫৯:২৯
‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কয়েকশ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভকারীরা সড়কে বসে ও দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে বারবার শোনা যায়, ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ এবং ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’ স্লোগান।

অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্কেটের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকে। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সারা দেশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে একই দিনে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে