ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

২০২৬ জুলাই ১৪ ১২:৫৪:১৩
প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও তিনটি দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এ সেবার আওতায় আসছে সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইন।

সোমবার (১৩ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় পৃথক তিনটি সরকারি আদেশ জারি করে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোতে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যে তিন নির্বাচন কমিশনারের সরকারি সফরের বিষয়ও জানানো হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আগামী ১৫ থেকে ২১ জুলাই বাহরাইন সফর করবেন। সফরকালে তিনি সেখানে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন। পাশাপাশি ভোটদান ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সেবা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। একই সময়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন। তারাও সংশ্লিষ্ট দেশে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করবেন।

ইসির আদেশে বলা হয়েছে, এসব সফর সরকারি সফর হিসেবে গণ্য হবে। সফরসংক্রান্ত সব ব্যয় নির্বাচন কমিশনের ‘আইডিয়া প্রজেক্ট-২’ থেকে বহন করা হবে।

এর আগে গত বছরের জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু করে নির্বাচন কমিশন।

এদিকে, ফ্রান্সেও এ কার্যক্রম চালুর পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত রয়েছে। নির্বাচন কমিশনের ভাষ্য, বাংলাদেশ দূতাবাসের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় দেশটিতে এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালুর উদ্যোগ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে