ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

নম্বরপ্লেট বিকৃত করে চলাচল, ডিএমপির তদন্তে ধরা যুবক

২০২৬ জুন ০২ ১৬:৫১:৩৪
নম্বরপ্লেট বিকৃত করে চলাচল, ডিএমপির তদন্তে ধরা যুবক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে চলাচলের অভিযোগে লাবলু হক (৩৮) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এ তথ্য জানান।

ডিএমপি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নম্বরপ্লেট আংশিক ঢেকে রাখা একটি মোটরসাইকেলের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে প্রায় এক সপ্তাহ ধরে তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভাইরাল ছবিতে আরোহীর মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, ফলে তদন্ত কার্যক্রম বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। বিভিন্ন ছবি, ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা করেন, রাজধানীর সাতরাস্তা মোড়ের বিজি প্রেসসংলগ্ন এলাকায় ছবিটি ধারণ করা হয়েছিল।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপকমিশনার রাকিব হোসেন জানান, নম্বরপ্লেটের তিনটি ডিজিট ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখায় সম্ভাব্য বিভিন্ন নম্বরের সমন্বয় ধরে অনুসন্ধান চালাতে হয়েছে। দীর্ঘ তদন্তের পর সোমবার লালবাগ এলাকার বাসিন্দা লাবলু হককে শনাক্ত করা সম্ভব হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। আদালত তাকে এক মাসের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন ও প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা এড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে