ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণে যমুনা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রস্তুত 

২০২৬ জুন ০১ ২১:৩৫:১২
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণে যমুনা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে ‘এমফ্যাসিস অব ম্যাটার’ (Emphasis of Matter) অনুচ্ছেদ সংযুক্ত করেছেন নিরীক্ষক। তবে এ বিষয়ে নিরীক্ষা মতামতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংকটির নিরীক্ষক জি. কিবরিয়া অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর এনগেজমেন্ট পার্টনার এ. কে. গোলাম কিবরিয়া, এফসিএ নিরীক্ষা প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

নিরীক্ষক প্রতিবেদনে উল্লেখ করেন, আর্থিক বিবরণীর নোট-২ এ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আর্থিক প্রতিবেদন প্রস্তুতের ভিত্তি ব্যাখ্যা করেছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা ঋণ ও অগ্রিম শ্রেণিকরণ এবং প্রয়োজনীয় ক্ষতি সংরক্ষণ (ইমপেয়ারমেন্ট প্রভিশন) সংক্রান্ত বিধি ও প্রবিধান অনুসরণের বিষয়টি সেখানে তুলে ধরা হয়েছে। তবে এ বিষয়ে নিরীক্ষকের মতামত অপরিবর্তিত রয়েছে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ব্যাংকের আর্থিক বিবরণী ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, কোম্পানি আইন এবং অন্যান্য প্রযোজ্য বিধান অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS) এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার মধ্যে পার্থক্য থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিধান অনুসরণ করা হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজের পুনর্মূল্যায়ন, ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ, স্থগিত সুদ হিসাব, অন্যান্য সমন্বিত আয় (OCI), গ্র্যাচুইটি, আর্থিক উপকরণের উপস্থাপন ও প্রকাশ, রিপো লেনদেন, আর্থিক গ্যারান্টি, নগদ ও নগদ সমতুল্য সম্পদ, অফ-ব্যালেন্স শিট আইটেমসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করা হয়েছে, যা কিছু ক্ষেত্রে আইএফআরএসের নির্দেশনার সঙ্গে ভিন্নতা তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে পরিচালনা পর্ষদের অডিট কমিটি নিয়মিতভাবে আর্থিক, পরিচালনাগত ও সম্মতি-সংক্রান্ত কার্যক্রম তদারকি করে। একই সঙ্গে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স বিভাগ বিভিন্ন শাখা ও বিভাগের কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে থাকে।

অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থার মাধ্যমে জালিয়াতি প্রতিরোধ, নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং নিয়মনীতি প্রতিপালন পর্যবেক্ষণ করা হয়। ব্যাংকটি জানিয়েছে, জালিয়াতি ও অনিয়ম প্রতিরোধে তারা নিয়মিত ঝুঁকি মূল্যায়ন ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে।

ঝুঁকি ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে জামুনা ব্যাংক ঋণ ঝুঁকি, বৈদেশিক মুদ্রা ঝুঁকি, সম্পদ-দায় ব্যবস্থাপনা, অর্থপাচার ঝুঁকি, তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ঝুঁকি এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় পৃথক নীতিমালা অনুসরণ করছে। এ জন্য নিয়মিতভাবে রিস্ক ম্যানেজমেন্ট পেপার প্রস্তুত ও পর্যালোচনা করা হয়।

সার্বিকভাবে নিরীক্ষক আর্থিক প্রতিবেদনের নির্দিষ্ট কিছু উপস্থাপনাগত ও নীতিগত বিষয় সম্পর্কে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করলেও ব্যাংকের নিরীক্ষা মতামতে কোনো সংশোধন বা নেতিবাচক মন্তব্য করেননি। ফলে ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদটি কেবল তথ্যগত গুরুত্বের কারণে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে