ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস

২০২৬ মে ১৪ ১৫:১৯:০৬
সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ভোট পড়ে ২ লাখ ৭৯ হাজার ৭০২টি। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাশরাফী বিন মর্তুজা পান ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পান ৭ হাজার ৮৮৩ ভোট।

এই ফলাফল উল্লেখ করে সারজিস লেখেন, “যেদিন আপনি এই ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই।”

তিনি আরও বলেন, মাশরাফী চাইলে ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি তা না করে আবারও নির্বাচন করেছেন এবং পরে হুইপের দায়িত্বও নিয়েছেন।

পোস্টে সারজিস আলম আরও লেখেন, “সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে গিয়েছিল।”

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “স্যরি, ভাই।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাশরাফী বিন মর্তুজার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে