ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

'এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে'

২০২৬ মে ১৪ ০৯:৫৪:১৭
'এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে'

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার বিরুদ্ধে করা মামলার তালিকা থেকে নাম প্রত্যাহারের বিনিময়ে এক কোটি টাকা দাবি করা হয়েছিল।

এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি, মামলা, জাতীয় দলে ফেরা এবং নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া বিভিন্ন মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামও আসে।

সাকিবের দাবি, একটি পক্ষ তার কাছে প্রস্তাব দেয়—নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে ফেলা হবে। তবে তিনি মনে করেন, যারা এ প্রস্তাব দিয়েছেন তারা আইনগত প্রক্রিয়া সম্পর্কে অবগত নন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “বলেছে, এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। কিন্তু কেস হয়ে যাওয়ার পর চাইলেই নাম সরানো যায় না। শেষ পর্যন্ত তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কি না।”

কারা এই প্রস্তাব দিয়েছিল—এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, এফআইআরে যোগাযোগের জন্য থাকা ব্যক্তির মাধ্যমেই বিষয়টি তার কাছে পৌঁছায়। তবে বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।

প্রস্তাবের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “টাকা দেওয়া মানে তো আমি নিজেই স্বীকার করছি যে আমার সমস্যা আছে। আমি সেটা করতে চাইনি।”

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব বলেন, তার দেশে ফিরতে আইনগত বাধা নেই। তবে নিরাপত্তা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন।

তার ভাষায়, “আমি চাই স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিত হোক এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা উঠে যাক। সেটা না হলে আমার পক্ষে দেশে ফেরা কঠিন।”

তিনি আরও বলেন, গ্রেপ্তারের ভয় না থাকলেও অপ্রত্যাশিত পরিস্থিতি বা ব্যক্তিগত আক্রমণের আশঙ্কা রয়েছে।

জাতীয় দলে ফেরা নিয়েও আশাবাদী সাকিব। তিনি বলেন, এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সক্ষমতা তার আছে বলে বিশ্বাস করেন। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে অবদান রাখার সুযোগ দেখছেন তিনি।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ সামনে রেখে নিজেকে প্রস্তুত করার ইচ্ছার কথাও জানান এই অলরাউন্ডার।

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অনুশোচনা নেই বলে মন্তব্য করেন তিনি। তার মতে, সময়ের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের মূল্যায়ন বদলাতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে