ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নিখোঁজ চার কিশোরীর রহস্য উদঘাটন করল পুলিশ

২০২৬ মে ১৪ ০৮:৫৪:৫৩
নিখোঁজ চার কিশোরীর রহস্য উদঘাটন করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার হয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। এর আগে গত রোববার (১০ মে) সকালে তারা পৃথকভাবে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়-এর সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার রায়সা (১৩) রয়েছেন। অপর শিক্ষার্থী আয়শা আক্তার (১৫) অন্য একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে তারা এলাকা ছেড়ে যায়।

এক শিক্ষার্থীর বোন সানজিদা জানান, উদ্ধার হওয়া চার কিশোরী বর্তমানে মৌচাক পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক অভিমানের কারণেই তারা বাড়ি ছেড়েছিল। গাজীপুরে গিয়ে তারা একটি বাসাও ভাড়া নেয়।

তিনি আরও জানান, একজন ব্যক্তি তাদের সহযোগিতা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

ওসি সিরাজুল ইসলাম বলেন, “পরিবারের সঙ্গে অভিমান করে গার্মেন্টসে চাকরি নেওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি ছেড়ে যায়। পরে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তদন্ত শুরু করে।”

তিনি জানান, শিক্ষার্থীরা মৌচাক এলাকার একটি কম্পিউটার দোকানে সিভি তৈরি করতে গেলে সেখান থেকে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ ও র‍্যাবের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে