ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

বিধি লঙ্ঘনে ভ্যানগার্ড ম্যানেজমেন্টকে ২০ কোটি টাকা ফেরতের নির্দেশ

২০২৬ মে ০৬ ১৬:৪২:৪৯
বিধি লঙ্ঘনে ভ্যানগার্ড ম্যানেজমেন্টকে ২০ কোটি টাকা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’-এর মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডে ২০ কোটি ৫৯ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

বিএসইসি জানিয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই অর্থ ফান্ডে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে কোম্পানিটিকে ২২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

মঙ্গলবার (৫ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন বুধবার (৬ মে) কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২০১৩ সালে ফান্ডটির অর্থ ব্যবহার করে ‘বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে’ বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়। সে সময় ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকায় কিনে মোট ৬ লাখ শেয়ার ক্রয় করা হয়, যার জন্য ফান্ড থেকে ব্যয় করা হয় ১ কোটি ৫০ লাখ টাকা।

এই অনিয়মের কারণে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে কমিশন নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট বিনিয়োগের বিপরীতে ৫ কোটি ৭৪ লাখ টাকা ৩০ দিনের মধ্যে ফান্ডে ফেরত দিতে হবে। অন্যথায় ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হবে।

একইভাবে ২০১৭ সালে একই ফান্ড থেকে ‘এএফসি হেলথ লিমিটেডে’ ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়, যা সিকিউরিটিজ আইন পরিপন্থী বলে প্রমাণিত হয়েছে। এই ক্ষেত্রে আড়াই টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকা দরে ৪৮ লাখ শেয়ার কেনা হয়েছিল।

এই অনিয়মের জন্য বিএসইসি সংশ্লিষ্ট ফান্ডে ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ ফেরত না দিলে ১৬ কোটি টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ ফেরত না দিলে অতিরিক্ত ৭ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। এরপরও ব্যর্থ হলে প্রতিদিন ১০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে