ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

বিএসইসির অনুমোদনে তাকাফুল ইন্সুরেন্সে নতুন দুই স্বতন্ত্র পরিচালক

২০২৬ মে ০৫ ১৯:৫১:৪১
বিএসইসির অনুমোদনে তাকাফুল ইন্সুরেন্সে নতুন দুই স্বতন্ত্র পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদে দুইজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির সুশাসন নিশ্চিত করা এবং পর্ষদের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে করা আবেদনের ভিত্তিতে বিএসইসির নিয়মিত কমিশন সভায় বিষয়টি অনুমোদন পায় বলে জানা গেছে।

নিয়োগপ্রাপ্ত দুই স্বতন্ত্র পরিচালক হলেন—এস এম কামাল উদ্দিন এবং মো. মোস্তফা কামাল, এফসিএ।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদে বর্তমানে কোনো নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) না থাকায় সরাসরি বোর্ডের সুপারিশের ভিত্তিতে নিয়োগের আবেদন করা হয়েছিল। পুরো প্রক্রিয়াটি কর্পোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর বিধিমালা অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. মোস্তফা কামাল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ), যা কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা জোরদারে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বীমা খাতের কোম্পানিগুলোতে দক্ষ ও অভিজ্ঞ স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে বিএসইসি এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি আশা করছে, নতুন এই দুই পরিচালকের যোগদানে পরিচালনা পর্ষদ আরও কার্যকর হবে এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে ইতিবাচক গতি আসবে।

উল্লেখ্য, ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা। মোট শেয়ারের সংখ্যা ৪ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৯৭৭টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৮.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.৭৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.২৮ শতাংশ শেয়ার রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে