ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

২০২৬ মে ০৫ ১৫:৪৮:৩২
শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর-এ হেফাজতে ইসলাম-এর সমাবেশ ঘিরে সংঘটিত সহিংস ঘটনায় মোট ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (৫ মে) জানান, নিহতদের সবার পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তদন্ত অনুযায়ী ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, কুরআন ও মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদ এবং ১৩ দফা দাবিতে ওইদিন ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। দেশের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা রাজধানীতে এসে শাপলা চত্বরে অবস্থান নেন। দিনভর উত্তেজনার পর মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের মধ্যে সমাবেশ ছত্রভঙ্গ করা হয় এবং বহু হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, এই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভিন্নমত ছিল। ২০২৫ সালে হেফাজতের পক্ষ থেকে ৯৩ জনের একটি তালিকা প্রকাশ করা হয়, ২০২১ সালে মানবাধিকার সংগঠন অধিকার ৬১ জনের নাম উল্লেখ করে এবং ২০১৪ সালের একটি গ্রন্থে ৪১ জন নিহতের তথ্য দেওয়া হয়। সর্বশেষ ট্রাইব্যুনালের তদন্তে ৫৮ জনের মৃত্যুর প্রমাণ পাওয়ায় এ নিয়ে চলমান বিতর্কে নতুন দিক উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে