ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

চালকদের লাইসেন্স নিয়ে কঠোর সিদ্ধান্ত

২০২৬ মে ০৫ ১০:৪৫:২৮
চালকদের লাইসেন্স নিয়ে কঠোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ফেরিঘাটে যাত্রী নামানো ছাড়া বাস ফেরিতে তোলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল বা স্থগিতের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সব ফেরিঘাটে সাইনবোর্ড ও মাইকিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে—যাত্রীদের নামিয়ে তারপরই যানবাহন ওঠানো হবে।

তিনি আরও জানান, কোনো চালক নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে আলোচনা করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সভায় সিদ্ধান্ত হয়েছে, সড়কের পাশে থাকা ট্রমা সেন্টারগুলো কার্যকর করতে হবে। সিভিল সার্জনের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সরঞ্জাম প্রস্তুত রাখা হবে।

এছাড়া উপজেলা, জেলা ও অন্যান্য হাসপাতালগুলোকে অন্তত সাত দিন আগে থেকেই প্রস্তুত রাখা হবে, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

মহাসড়কে নিরাপত্তা বাড়াতে পুলিশ হেডকোয়ার্টার্সের অধীনে একটি মনিটরিং সেল গঠন করা হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং জেলা পর্যায় থেকেও তথ্য সংগ্রহ করা হবে।

মন্ত্রী বলেন, এর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে