ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র

২০২৬ মে ০৪ ১৭:২০:৩১
ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনতে সংস্থাটি দ্রুত ফ্লোর প্রাইস তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে সোমবার (৪ মে) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর একটি চিঠি পাঠান ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

ডিবিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লোর প্রাইস আরোপের ফলে বাজারে একাধিক শেয়ার দীর্ঘ সময় ধরে কার্যত স্থবির হয়ে পড়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড দীর্ঘদিন ধরে লেনদেনহীন অবস্থায় রয়েছে। একইভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ফ্লোর প্রাইসযুক্ত শেয়ারগুলো ৩ মে নির্ধারিত দামে আটকে থাকায় বিক্রেতারা স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন না।

ডিবিএ আরও জানায়, দীর্ঘ সময় ধরে ফ্লোর প্রাইস কার্যকর থাকায় মার্জিন ঋণ নেওয়া বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়ছে, যা বাজারের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

এছাড়া এই কৃত্রিম মূল্যসীমা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে দেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক বার্তা দিচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট শেয়ারগুলোর ওপর আরোপিত ফ্লোর প্রাইস দ্রুত প্রত্যাহার করে স্বাভাবিক লেনদেন চালুর জন্য বিএসইসির কাছে অনুরোধ জানিয়েছে ডিবিএ।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে