ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

ইউনূস সরকারের বৈধতা নিয়ে বড় প্রশ্ন—হাইকোর্টে রিট!

২০২৬ মে ০৪ ১১:৫৮:৪০
ইউনূস সরকারের বৈধতা নিয়ে বড় প্রশ্ন—হাইকোর্টে রিট!

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে ওই সরকারের সময় গৃহীত বিভিন্ন আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এসব বিষয়ে তদন্তের জন্য কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে।

এছাড়া ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার আবেদনও রিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিটটি জনস্বার্থে দাখিল করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ। তিনি রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে দুপুরে একটি সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেও তিনি রিট দায়ের করেছিলেন, যা হাইকোর্টে খারিজ হয়। পরে আপিল বিভাগেও বিষয়টি বিবেচনায় আসে এবং হাইকোর্টের রায় বহাল থাকে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান।

সর্বোচ্চ আদালত তখন মতামত দেয়, সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ গ্রহণ করাতে পারবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে