ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সীমান্তে ‘জীবন্ত ফাঁদ’; বিতর্কে ভারতের নতুন উদ্যোগ

২০২৬ এপ্রিল ৩০ ১৬:১৩:১৯
বাংলাদেশ সীমান্তে ‘জীবন্ত ফাঁদ’; বিতর্কে ভারতের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ভিন্নধর্মী একটি ধারণা নিয়ে আলোচনা করছে ভারত। সীমান্তের যেসব এলাকায় ভৌগোলিক কারণে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্ভব নয়, সেখানে ‘প্রাকৃতিক বাধা’ হিসেবে কুমির ও বিষধর সাপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ মার্চ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়। এতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীমাতৃক সীমান্ত এলাকায় এমন উদ্যোগের সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলা হয়। এই পরিকল্পনা নিয়ে এর আগে ফেব্রুয়ারিতে এক বৈঠকেও আলোচনা হয়।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে বড় অংশে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মিত হলেও প্রায় ৮৫০ কিলোমিটার এলাকা এখনও উন্মুক্ত, যার একটি উল্লেখযোগ্য অংশ নদী ও জলাভূমি হওয়ায় সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ কঠিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এসব এলাকাই অনুপ্রবেশ ও চোরাচালানের ঝুঁকিপূর্ণ পথ।

তবে এই ধারণা প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকারকর্মীরা এটিকে ‘প্রকৃতিকে ব্যবহার করে সহিংসতা প্রয়োগের’ একটি বিতর্কিত পদ্ধতি হিসেবে আখ্যা দিয়েছেন।

গবেষক ও অধিকারকর্মীদের মতে, বন্যপ্রাণী কখনো অনুপ্রবেশকারী ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করতে পারে না। ফলে এটি সীমান্তবর্তী সাধারণ জনগণের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরাও সতর্ক করে বলেছেন, যদি এসব প্রাণী ওই অঞ্চলের স্বাভাবিক বাসিন্দা না হয়, তবে তারা টিকে থাকতে পারবে না। আবার বন্যা বা প্রাকৃতিক কারণে এসব প্রাণী ছড়িয়ে পড়লে উভয় দেশের মানুষের জন্য প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে এবং পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে।

এ ধরনের ধারণা নিয়ে অতীতে বিভিন্ন দেশে আলোচনা হলেও, আধুনিক বিশ্বে আন্তর্জাতিক সীমান্তে বন্যপ্রাণীকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারের কোনো প্রতিষ্ঠিত নজির নেই।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে