ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীর ১১ পাম্পে ফুয়েল পাশ অ্যাপ বাধ্যতামূলক

২০২৬ এপ্রিল ২৫ ১৪:৪৮:১২
রাজধানীর ১১ পাম্পে ফুয়েল পাশ অ্যাপ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নির্দিষ্ট ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ বিষয়ে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা থেকে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় অন্তর্ভুক্ত ফিলিং স্টেশনগুলো হলো—শাপলা চত্বরের করিম এন্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), এয়ারপোর্ট এলাকার মাসুদ হাসান ফিলিং স্টেশন (উত্তরা), তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কোম্পানি, মিরপুরের ইব্রাহিমপুরের মেসার্স দীপ্ত ফিলিং স্টেশন (সেকশন-১৪), শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্মরণীর মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, গাবতলীর মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, উত্তরার সেবা গ্রীন ফিলিং স্টেশন, মিরপুর-০২ এর স্যাম অ্যাসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া, নির্ধারিত সময় থেকে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে জ্বালানি গ্রহণের প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও সুশৃঙ্খল করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ চালু করেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে