ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর

২০২৬ এপ্রিল ২১ ১০:৫২:০৮
শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হাসিনা সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা ও ভুলের কথা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেছেন, সরকারের শেষ দিকে মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ধীরে ধীরে সরকারি কর্মকর্তাদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। তার ভাষায়, “ওরা যা বলে তাই”—এই প্রবণতার কারণে রাজনৈতিক নেতাদের মতামত দেওয়ার সুযোগ কমে যায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও সীমিত ছিল। বড় কোনো অনুষ্ঠানে বক্তব্য শেষে রাজনীতিবিদরা কাছে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা অনেক সময় দূরে সরিয়ে দিতেন। ফলে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি—বিশেষ করে চাঁদাবাজি ও দুর্নীতি—সম্পর্কে সরাসরি মতামত তুলে ধরার সুযোগ কমে যায়।

ড. মোমেন স্বীকার করেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে যাওয়া এবং চাঁদাবাজির বিস্তার—এই দুই বিষয় ছিল সরকারের বড় ভুল। তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে—জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে চাঁদাবাজির প্রবণতা বাড়া।”

সিলেট বিমানবন্দরের একটি প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার পেছনে দুর্নীতি একটি বড় কারণ। প্রকল্পে বিলম্ব হলে ব্যয় বৃদ্ধি পায় এবং অতিরিক্ত অর্থের একটি অংশ অপচয় বা দুর্নীতিতে চলে যায়।

কোটা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দল হিসেবে পরিবর্তনের পক্ষে অবস্থান ছিল। তবে বিষয়টি রাজনৈতিকভাবে আরও সুসংগঠিত সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত ছিল।

ব্যাংকিং খাতে অনিয়মের বিষয়েও কথা বলেন তিনি। তার দাবি, কিছু ব্যবসায়ী ও প্রভাবশালী গোষ্ঠী সুবিধা পেয়েছে, যদিও সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব সরাসরি জড়িত ছিল না।

তিনি আরও বলেন, “কোনো রাজনীতিবিদ একা দুর্নীতি করতে পারে না। সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।” এ সময় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব ও যোগসাজশের বিষয়টিও তুলে ধরেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে