ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হাঁটতে বেরিয়েই গুলিবিদ্ধ বিএনপি নেতা—এলাকায় আতঙ্ক

২০২৬ এপ্রিল ২০ ১১:১০:৫৭
হাঁটতে বেরিয়েই গুলিবিদ্ধ বিএনপি নেতা—এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কুষ্টিয়া সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড়ে এ ঘটনা ঘটে। আহত ওই নেতা মুকুল হোসেন, যিনি সাহারবাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের আজানের পর মুকুল হোসেন হাঁটতে বের হলে কাশেম মোড়ে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয়দের দাবি, তার শরীরের বুকে ও পিঠে অন্তত পাঁচটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারটি গুলির খোসা উদ্ধার করেছে।

স্থানীয় বিএনপি নেতা বক্কার আলী বলেন, এর আগেও মুকুল হোসেনের ওপর একাধিকবার বোমা হামলা হয়েছিল। এবার তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সাবেক ইউপি সদস্য ফরমান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আহত অবস্থায় মুকুল হোসেনকে দেখতে পান এবং পরে হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে ওসি উত্তম কুমার দাস বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে