ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ছক্কা হাঁকাতে গিয়ে হার বাংলাদেশের 

২০২৬ এপ্রিল ১৭ ১৯:৫০:২০
ছক্কা হাঁকাতে গিয়ে হার বাংলাদেশের 

নিজস্ব প্রতিবেদক: জয়ের দুয়ারে গিয়েও শেষ পর্যন্ত হতাশায় ডুবতে হলো বাংলাদেশকে। শেষদিকে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৌহিদ হৃদয়, কিন্তু ইনিংসের ৪৯তম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে হেনরি নিকোলস-এর হাতে ক্যাচ তুলে দেন তিনি। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই নাটকীয় লড়াই শেষে বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের জয় পায় নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। মিরপুরের উইকেটে বরাবরের মতো এবারও বোলারদের প্রাধান্য দেখা যায়। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

ইনিংসের শুরুটাই ছিল হতাশাজনক। মাত্র চতুর্থ ওভারেই পরপর দুই বলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত, যা দলের ওপর বাড়তি চাপ তৈরি করে।

এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাইফ হাসান ও লিটন দাস। ভালো ছন্দে ব্যাট করে সাইফ তুলে নেন অর্ধশতক, তবে ২৩তম ওভারে তার ইনিংস থামে। কিছুক্ষণ পর লিটনও ফিফটির খুব কাছে গিয়ে ৪৬ রানে আউট হন।

মধ্যক্রমে আফিফ হোসেন ২৭ রান করে ফিরলে ব্যাট হাতে নামেন অধিনায়ক মিরাজ। কিন্তু তিনিও সুবিধা করতে পারেননি, মাত্র ৬ রান করেই সাজঘরে ফিরে যান।

শীর্ষ ও মধ্যক্রম ভেঙে পড়ার পর বড় চাপ তৈরি হয় বাংলাদেশের ওপর। সেই চাপের মধ্যেই লড়াই চালিয়ে যান তৌহিদ হৃদয়। নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি জয়ের আশা বাঁচিয়ে রাখেন।

তবে অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি হৃদয়। লোয়ার অর্ডারের ব্যাটাররা একে একে আউট হয়ে গেলে শেষ পর্যন্ত ভেঙে পড়ে বাংলাদেশের প্রতিরোধ। রিশাদ, শরিফুল ও তাসকিনদের বিদায়ের পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

রিমন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে