ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

উত্তেজনা-আলোচনার দোলাচলে শেয়ারবাজারে উত্থান

২০২৬ এপ্রিল ১৫ ১৪:২৭:৩৩
উত্তেজনা-আলোচনার দোলাচলে শেয়ারবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক:বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান পরিস্থিতির প্রভাবে দেশের শেয়ারবাজারে আবারও ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। তবে সর্বশেষ দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনার খবরে বাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) লেনদেন শেষে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। যদিও এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরিয়েছে। এর আগে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছিল। পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণায় বাজারে ইতিবাচক ধারা দেখা দিলেও তা স্থায়ী হয়নি। তবে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার খবর বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬৩ পয়েন্ট বেড়ে ৫,২৫৪.৯৯ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৭৩ পয়েন্ট বেড়ে ১,০৬৬.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,৯৮৪.২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৯টির শেয়ারদর বেড়েছে, ৯০টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের দিক থেকেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৮৬৪ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের দিনের ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার তুলনায় প্রায় ৪৩ কোটি ৬ লাখ টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৪০ কোটি ৩৩ লাখ টাকার তুলনায় কম।

সিএসইতে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, ৬৬টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৩৬ পয়েন্ট বেড়ে ১৪,৭৫৫.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে এই সূচক ৪৭.১৪ পয়েন্ট কমেছিল।

সার্বিকভাবে, বৈশ্বিক পরিস্থিতির ওঠানামার মাঝেও সাম্প্রতিক ইতিবাচক বার্তায় দেশের শেয়ারবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে