ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক, যা যা চাইলেন

২০২৬ এপ্রিল ০৪ ১৯:০৭:০২
প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক, যা যা চাইলেন

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন সংলাপের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৈঠকে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার আহ্বানও জানান তারা।

অর্থমন্ত্রী আরও বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালুর দাবি উঠেছে বৈঠকে। এতে বিমানবন্দরের জটিলতা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার এবং করের আওতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের ওপর করের চাপ না বাড়িয়ে করভিত্তি বিস্তৃত করার কথাও বলেন তারা।

এছাড়া মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার দাবি তোলা হয়। একইসঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা।

অর্থমন্ত্রী জানান, বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তাদের বক্তব্যগুলো নথিবদ্ধ করা হয়েছে এবং অনেক সমস্যার সমাধান ইতোমধ্যে হয়েছে, বাকিগুলো আলোচনা করে সমাধান করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা। এর মধ্যে ডিবিএল, প্যাসিফিক জিন্স, এপেক্স, প্রাণ-আরএফএল, ইনসেপ্টা, রানার, র‍্যাংগস ও এসিআই গ্রুপের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে