ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

মাকে মারধরের অভিযোগে প্রকাশ্যে শাস্তি পেল ছেলে

২০২৬ মার্চ ১৬ ১০:৪৯:০৪
মাকে মারধরের অভিযোগে প্রকাশ্যে শাস্তি পেল ছেলে

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সেনবাগে বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে এক ছেলেকে প্রকাশ্যে ভিন্নধর্মী শাস্তি দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। অভিযুক্ত ছেলের গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানো হয়। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৬ মার্চ) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ছাতারপাইয়া বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে প্রকাশ্য সালিশের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ মা সেহরির সময় ছেলের ঘরে রান্না করা ছাগলের মাংস থেকে এক টুকরো খেতে চেয়েছিলেন। কিন্তু ছেলে মাংস না দিয়ে উল্টো মাকে মারধর করেন। এতে আহত ও অপমানিত হয়ে ওই নারী ভোরে কাঁদতে কাঁদতে বিচার চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে যান।

ঘটনা জানার পর ইউপি চেয়ারম্যান আবদুর রহমান গ্রামপুলিশ দিয়ে অভিযুক্ত ছেলেকে ধরে আনেন। পরে ইউনিয়ন পরিষদে প্রকাশ্য সালিশে তার গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে স্থানীয় বাজারে ঘোরানোর শাস্তি দেওয়া হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে চেয়ারম্যান আবদুর রহমানকে বলতে শোনা যায়,“কেউ যদি মাকে ভাত না দেয় বা মারধর করে, তাহলে বিচার নিয়ে আমাদের কাছে আসবেন। জেল-জুলুমের দরকার নেই, বিচার আমরা করবো।”

এ বিষয়ে চেয়ারম্যান আবদুর রহমান বলেন, শনিবার ভোরে সেহরির সময় বৃদ্ধ মা ছেলের কাছে এক টুকরো ছাগলের মাংস চেয়েছিলেন। কিন্তু ছেলে তাকে মাংস না দিয়ে উল্টো লাথি মেরে মারধর করেন। পরে ওই নারী তার বাড়িতে এসে বিষয়টি জানান। এরপর গ্রামপুলিশ পাঠিয়ে অভিযুক্ত ছেলেকে ধরে এনে এই শাস্তির ব্যবস্থা করা হয়।

এদিকে বিষয়টি সম্পর্কে সেনবাগ থানার ওসি আবুল বাশার বলেন, গ্রাম্য সালিশ করার অধিকার চেয়ারম্যানের আছে। তবে এ ধরনের শাস্তির বিষয়ে আগে শোনেননি তিনি। তার মতে, ঘটনাটি দৃষ্টিকটু।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে