ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬
Sharenews24

চার দিনের উত্থানের পর শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন

২০২৬ মার্চ ১৫ ১৪:০৬:৪০
চার দিনের উত্থানের পর শেয়ারবাজারে স্বাভাবিক সংশোধন

নিজস্ব প্রতিবেদক : টানা চার কার্যদিবস উত্থানের পর স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ মার্চ, ২০২৬) দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারেই সূচক নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক কয়েকদিনের উত্থানের পর দর সংশোধন হওয়া বাজারের জন্য স্বাভাবিক এবং ইতিবাচক লক্ষণ। এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অনেক বিনিয়োগকারী লেনদেন কমিয়ে দিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে ঈদের আগ পর্যন্ত বাজারে লেনদেন কিছুটা কম থাকতে পারে। তবে ঈদের পর বাজারে স্বাভাবিক গতি ফিরে আসবে বলে তারা মনে করছেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৯ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস সূচক ৮ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭১ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট কমে ২ হাজার ৪৩ দশমিক ১৪ পয়েন্টে নেমে এসেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ারদর।

লেনদেনের দিক থেকে এদিন ডিএসইতে মোট প্রায় ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৬৮ কোটি ৩ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে মোট ৩৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই বাজারে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৯৫ লাখ টাকার।

দিনশেষে সিএসইতে লেনদেন হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, ৫১টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮৭ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১১১ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে