ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

যে শর্তে জাহাজ চলাচলের অনুমতি দিতে পারে ইরান

২০২৬ মার্চ ১৪ ১৫:৩৫:২৫
যে শর্তে জাহাজ চলাচলের অনুমতি দিতে পারে ইরান

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী ঘিরে চলমান অচলাবস্থা নিরসনে ইরান নতুন কৌশল ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে।

ইরানের কর্মকর্তা জানিয়েছেন, প্রণালী দিয়ে সীমিতসংখ্যক তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার প্রস্তাব চলছে। তবে এর সঙ্গে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে—তেলের লেনদেন করতে হবে চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ।

বিশ্বজুড়ে সাধারণত জ্বালানি তেলের লেনদেন মার্কিন ডলারে হয়। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল বাণিজ্য বর্তমানে রুবল বা ইউয়ানে হচ্ছে। ইরান যদি সফলভাবে তেলের বাণিজ্যে ইউয়ান চালু করতে পারে, তবে এটি বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।

বর্তমানে হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতার কারণে তেলের দাম আকাশছোঁয়া। এটি ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে।

জাতিসংঘের মানবিক বিষয়-সংক্রান্ত আন্ডার-সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, প্রণালী অবরুদ্ধ হলে মানবিক সহায়তা সরবরাহে বিরাট প্রভাব পড়বে। খাদ্য, ওষুধ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ কঠিন হবে এবং পরিবহন খরচ বাড়বে।

জাতিসংঘের মতে, হরমুজ প্রণালী শুধুমাত্র তেলের জন্য নয়, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রণালী কার্যত অবরুদ্ধ হওয়ায় সরবরাহ চেইন বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দিতে থাকে, তাদের তেল অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে খারগ দ্বীপের সমস্ত সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। উল্লেখ্য, ইরানের অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ রপ্তানি নিয়ন্ত্রিত হয় খারগ দ্বীপ থেকে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে