ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

বন্ধ কারখানা চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

২০২৬ মার্চ ১৪ ১৫:১৯:৫৯
বন্ধ কারখানা চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় শনিবার (১৪ মার্চ) বেইলি রোডে শ্রমমন্ত্রীর সরকারি বাসভবনের অফিস কক্ষে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো বিএনপি সরকার গঠনের ছয় মাসের মধ্যে পুনরায় চালু করা হবে। সভায় আরএমজি ও নন-আরএমজি সেক্টরের শ্রমিক অসন্তোষ নিরসন এবং বেতন-বোনাস প্রদানের বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়।

মাহদী আমিন বলেন, “সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা হবে। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে, কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে।”

সভায় উপস্থিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদের বোনাস অবশ্যই ছুটির আগেই পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই শ্রমিকদের প্রাপ্য পাওনায় জটিলতা সৃষ্টি করা যাবে না।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঢাকা ও চট্টগ্রামে মোট ২,১২৭টি কারখানার মধ্যে ১,৯৬৪টি (৯২.৩৪%) ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে এবং ১,৫৩৫টি (৭২.১৭%) কারখানা ঈদের বোনাস দিয়েছে। তিনি উল্লেখ করেন, “মার্চ মাসের বেতন বাধ্যতামূলক নয়, তবে যে কারখানার সামর্থ্য আছে, তারা তা দেবে। বর্তমানে মার্চ মাসের বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে কিছু অসন্তোষ দেখা দিয়েছে।”

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, দেশের ৮৩৪টি কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারির বেতন দিয়েছে এবং ৬০৪টি কারখানা ঈদের বোনাস দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অধিকাংশ কারখানা বেতন-বোনাস পরিশোধ করায় কোনো ধরনের শ্রমিক অসন্তোষ দেখা দেবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, “আপদকালীন ফান্ড তৈরি করা গেলে সেই অর্থ ব্যবহার করে শ্রমিকদের বেতন-বোনাসের সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে