ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

এনসিপির ৮৭ নেতার একসাথে পদত্যাগ

২০২৬ মার্চ ১০ ১০:২২:২৯
এনসিপির ৮৭ নেতার একসাথে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তাদের পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

পদত্যাগী নেতারা জানান, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্তে দলটি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে বলে তাদের মনে হয়েছে।

তাদের দাবি, দলের বর্তমান অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থানের মিল না থাকায় তারা সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে অসিম চাকমা বলেন, “এই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে ধরে রাখা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি।”

অন্যদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানতে পেরেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কমিটির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে