ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

ওসমান হাদি হত্যার দুই আসামি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা

২০২৬ মার্চ ০৯ ১৯:২৭:১৬
ওসমান হাদি হত্যার দুই আসামি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আসামি হস্তান্তর সংক্রান্ত যে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় গ্রেফতার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে চলমান যৌথ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র রমজান মাসের পরপরই এ অভিযান শুরু হবে।

মব তৈরি করে আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলে দাবি করা ঠিক নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনাকে অনেকেই মব বলে উল্লেখ করছেন। তবে কোনোভাবেই মব সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

এ সময় কক্সবাজার শহরের যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) নিয়ন্ত্রণের কথাও জানান তিনি।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী এবং আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে