ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

৪০ হাজার ফ্যামিলি কার্ড: মাসে ২,৫০০ টাকা পাবেন যেসব পরিবার

২০২৬ মার্চ ০৯ ১৫:২৬:২১
৪০ হাজার ফ্যামিলি কার্ড: মাসে ২,৫০০ টাকা পাবেন যেসব পরিবার

নিজস্ব প্রতিবেদক : দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আগামীকাল সকাল ১০টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের আরও ১৪টি স্থানে একযোগে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

সরকার জানিয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর করতে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ২০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম ধাপে আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে ৪০ হাজার দরিদ্র পরিবারকে এই কার্ড দেওয়া হবে।

প্রথম পর্যায়ে মার্চ মাসে ১০ হাজার পরিবার কার্ড পাবে। এরপর এপ্রিল, মে ও জুন—এই তিন মাসে আরও ১০ হাজার করে মোট ৩০ হাজার পরিবারকে কার্ড দেওয়া হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। এই অর্থ সরকারি কোষাগার থেকে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

এছাড়া বিদ্যমান টিসিবি কার্ডকে ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ হিসেবে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে ওটিপি যাচাইকরণের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা নেওয়া যাবে।

ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি, কৃষি ভর্তুকিসহ আরও বিভিন্ন ধরনের সরকারি সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্ডটি পরিবারের মা বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে।

নীতিমালা অনুযায়ী সাত শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। তারা হলেন—

ভূমিহীন পরিবার

গৃহহীন পরিবার

প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার

হিজড়া সম্প্রদায়

বেদে সম্প্রদায়

ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার

দশমিক ৫ একর বা এর কম জমির মালিক পরিবার

কারা এই কার্ড পাবেন না

কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষ এই সুবিধার বাইরে থাকবেন। তারা হলেন—

পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে

বাড়িতে এসি ব্যবহারকারী

গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক

পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী হলে

বাণিজ্যিক লাইসেন্সধারী ব্যবসায়ী

বড় ব্যবসার মালিক

সরকারি কোষাগার থেকে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। বিদ্যমান টিসিবি কার্ডকে ফ্যামিলি কার্ডের ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ হিসেবে ব্যবহার করা হবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে ওটিপি যাচাইকরণের মাধ্যমে খাদ্য সহায়তা নেওয়া যাবে।

সরকারের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট জিডিপির ৩ শতাংশে উন্নীত করা।

ইতোমধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুরিয়ারপাড়, হাতিয়া রাধানগর ও আকিলশাহ গ্রামে পরীক্ষামূলকভাবে এই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। ঈদের আগেই এসব গ্রামের অনেক পরিবার এই কার্ড পাচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে