ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

আলোচনা নয়, ধ্বংস চান ট্রাম্প! ইরানকে ঘিরে নতুন হুমকি

২০২৬ মার্চ ০৮ ১০:৩৪:০৪
আলোচনা নয়, ধ্বংস চান ট্রাম্প! ইরানকে ঘিরে নতুন হুমকি

নিজস্ব প্রতিবেদক : ইরানকে ঘিরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সংঘাতের আট দিন পার হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং দুই পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পর তা প্রত্যাখ্যাত হলে আরও কঠোর অবস্থান নেন। তিনি ঘোষণা দেন, যুদ্ধ বন্ধে কোনো ধরনের সমঝোতায় তিনি আগ্রহী নন এবং সামরিক অভিযান আরও জোরদার করা হবে।

শনিবার (৭ মার্চ) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় তিনি আগ্রহী নন। তার মতে, যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের আর কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না অথবা ক্ষমতায় কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না।

তিনি আরও বলেন, ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যা করা হলে এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেলে আলোচনার প্রয়োজনই থাকবে না।

ট্রাম্পের ভাষায়, এমন সময়ও আসতে পারে যখন “আমরা আত্মসমর্পণ করছি”—এই কথাটি বলার মতোও কেউ ইরানে বেঁচে থাকবে না।

এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়া নতুন নেতৃত্ব নির্বাচন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।

গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার খবর পাওয়া যায়। পাশাপাশি দেশটির সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডারও নিহত হন।

এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

নয় দিন ধরে চলমান এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল ক্রমেই ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে।

এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরানও নতুন করে মার্কিন স্থাপনা ও মিত্র দেশগুলোর লক্ষ্যবস্তু চিহ্নিত করার কাজ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির এক শীর্ষ কর্মকর্তা।

এদিকে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জনগণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে। তাই ইরান এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল, সামরিক বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন লক্ষ্য নির্ধারণ করছে।

এরই মধ্যে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত-এ থাকা মার্কিন মিত্রদের লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। নতুন এই হামলায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণাও দিয়েছে তেহরান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে