ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

ডলার ও জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ পরামর্শ অর্থনীতিবিদদের

২০২৬ মার্চ ০৭ ২৩:৪১:০৪
ডলার ও জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ পরামর্শ অর্থনীতিবিদদের

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের উত্তাপ থেকে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। শনিবার কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক বিশেষ সভায় তারা সাফ জানিয়ে দেন, বর্তমান প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগলে রাখা এবং নীতি সুদহার অপরিবর্তিত রাখাই হবে বুদ্ধিমানের কাজ। গভর্নর দায়িত্ব গ্রহণের পর সুদহার কমানোর যে প্রাথমিক পরিকল্পনা করেছিলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আপত্তির মুখে তা থেকে পিছিয়ে আসতে হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সংঘাত জ্বালানি তেলের বাজারে নতুন করে অনিশ্চয়তার কালো মেঘ তৈরি করেছে। এই সংকটের রেশ ধরে বাংলাদেশে ডলারের বাজারে অস্থিরতা বৃদ্ধি এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা পরামর্শ দিয়েছেন যেন সরকার মধ্যপ্রাচ্যের ওপর একমুখী নির্ভরতা কমিয়ে ব্রুনাই বা সিঙ্গাপুরের মতো বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। একই সঙ্গে তারা সতর্ক করেছেন যে, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও তার বোঝা এখনই সাধারণ মানুষের ওপর চাপানো ঠিক হবে না, কারণ এতে আগে থেকেই লাগামহীন মূল্যস্ফীতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

উচ্চ মূল্যস্ফীতির এই চ্যালেঞ্জিং সময়ে বিনিয়োগ বৃদ্ধির দোহাই দিয়ে সুদের হার না কমিয়ে বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি সহজ করার দিকে নজর দিতে বলেছেন অর্থনীতিবিদরা। তারা জোর দিয়ে বলেন, আমদানির নামে রিজার্ভের ডলার খরচ করার ক্ষেত্রে এখন অত্যন্ত সংযত হতে হবে। পাশাপাশি বৈদেশিক ঋণের অর্থ দ্রুত ছাড় করানো এবং জ্বালানি কেনার জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বাড়তি তহবিলের ব্যবস্থা করার ওপর তারা গুরুত্বারোপ করেন। প্রবাসীরা যেন কোনো ঝামেলা ছাড়াই অর্থ পাঠাতে পারেন, সেই প্রক্রিয়াকেও আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয় বৈঠকে।

সভার আলোচনায় গভর্নর মোস্তাকুর রহমান দৃঢ়তার সাথে জানান যে, তিনি কেন্দ্রীয় ব্যাংককে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবেন এবং কোনো চাপের কাছে মাথা নত না করে সততার সাথে দায়িত্ব পালন করবেন। বাণিজ্যিক ব্যাংকগুলোকেও তিনি একই নীতি অনুসরণের নির্দেশ দেন। সামগ্রিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং বাজারে আতঙ্ক ছড়ানো রোধ করতে একটি ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। এই বিশেষ কমিটি চলমান সংকট বিশ্লেষণ করে সময়োপযোগী পদক্ষেপের পরামর্শ দেবে, যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে