ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬
Sharenews24

ইফতারের সময় ভয়ংকর ভুলে হাসপাতালে তিনজন

২০২৬ মার্চ ০৭ ১২:৩০:০১
ইফতারের সময় ভয়ংকর ভুলে হাসপাতালে তিনজন

নিজস্ব প্রতিবেদক : নীলফামারী জেলার ডোমার উপজেলায় ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন—চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।

স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম জানান, ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে ব্যবহারের জন্য আনা কীটনাশক ভুলবশত খাবার স্যালাইন মনে করে পানিতে গুলে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। কিছুক্ষণ পরই পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, আলুক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক কাছাকাছি রাখার কারণে ভুলবশত তা পানিতে মিশিয়ে ফেলা হয়। পান করার কিছু সময় পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে স্থানীয়দের সহায়তায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হাসপাতালে পৌঁছে দেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, তারা স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে